২০২১ সালে আইটি পেশাজীবী হবে ২০ লাখ: জুনাইদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালের মধ্যে দেশে আইটি পেশাজীবীর সংখ্যা হবে ২০ লাখ। এ লক্ষ্যপূরণে তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে দেশের আইটি খাতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এসব কথা বলেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য একুশ শতকের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। এ জন্য শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ আগামী তিন বছরে এক লাখ দক্ষ মানবসম্পদ তৈরি করছে। এলআইসিটি প্রকল্পে ৪৪ হাজার দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে প্রশিক্ষণ চলছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নকে এগিয়ে নিতে আইসিটি অবকাঠামো উন্নয়নসহ ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে সরকার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দীনের সভাপতিত্বে ক্যারিয়ার ক্যাম্পে আরও বক্তব্য দেন এলআইসিটির প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম তাওহিদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী পটুয়াখালী শহরের আবদুল করিম মৃধা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন। সেখানে পটুয়াখালীর জেলা প্রশাসক সভাকক্ষে আয়োজিত তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।