২০২১ সালে নিরাপদ পানি সরবরাহের পরিকল্পনা সরকারের আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নতুন খাল খনন, পুরোনো খাল সংস্কার, জলাধার সংরক্ষণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান সরকার ২০২১ সাল নাগাদ ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বিভাগীয় সদরগুলোতে ভূ-উপরিস্থিত নিরাপদ পানি সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে।

আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী ‘ওয়াটার সামিট-২০১৭’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, ‘এসডিজির নির্ধারিত সময়সীমা ২০৩০ সালের আগেই আমরা শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে চাই। ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে আমরা ২০২১ সালের মধ্যেই সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অর্থাৎ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।’

জাতিসংঘের পানি এবং স্যানিটেশনবিষয়ক বিশেষ প্যানেলের সদস্য শেখ হাসিনা বলেন, শিল্পাঞ্চল, বসতি স্থাপনসহ সব এলাকার জলাধার সৃষ্টি, বৃষ্টির পানি সংরক্ষণ এবং বর্জ্য ও দূষিত পানি নিষ্কাশন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নাব্যতা হ্রাস প্রতিরোধে দেশে নদ-নদীতে ড্রেজিং কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ পানি ব্যবস্থাপনায় সরকার-গৃহীত কার্যক্রমসমূহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ১৯৯৯ সালে জাতীয় পানিনীতি প্রণয়ন, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়্যরেজ অ্যাক্ট-১৯৯৬ প্রণয়ন, ন্যাশনাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন অ্যাক্ট-২০১৪ প্রণয়ন এবং আর্সেনিক সমস্যা মোকাবিলায় ‘ন্যাশনাল পলিসি ফর আর্সেনিক মিটিগেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্ল্যান’ (এনএএমআইপি) প্রকল্প বাস্তবায়ন চলছে। তিনি বলেন, ইমপ্লিমেন্টেশন প্ল্যান ফর আর্সেনিক মিটিগেশন ফর ওয়াটার সাপ্লাই-২০১৬ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। গত আট বছরে এই দুটি খাতে সরকারের বরাদ্দ ছিল ১৪ হাজার ৯০০ কোটি টাকা। বর্তমানে এই খাত দুটিতে ৩২ হাজার কোটি টাকার প্রকল্প চলমান আছে।

সরকারপ্রধান বলেন, লবণাক্ত পানিপ্রধান এলাকায় পুকুরের পানি ফিল্টার করে লবণাক্ততা মুক্ত করা হয়েছে, সাত হাজার পুকুর এবং গভীর কূপ খনন করা হয়েছে ৩২ হাজার ৬০০টি। বর্ষার পানি সংরক্ষণে ৪ হাজার ৭০০ জলাধার তৈরি করা হয়েছে এবং ২০২১ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ সব বিভাগীয় শহরের নিরাপদ পানি ভূ-উপরিস্থ পানি থেকে নিশ্চিত করার কার্যক্রম চলছে।

স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাস মাহমুদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে বক্তব্য দেন।