২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন হবে

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘২০২১ সালের মধ্যে দেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন হবে। আর ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নিরসন করা হবে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বস্ত্রের অভাব নেই। এ কাজগুলো আমরাই সম্ভব করেছি। শিশুশ্রমও আমরাই নিরসন করব এবং তা করা সম্ভব।’ তবে এ ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় শিশুশ্রম নিরসনে যে কাজ করছে, তার মধ্যে সমন্বয় থাকলে কাজটি সম্পন্ন করা সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।
আজ মঙ্গলবার প্রথম আলো আয়োজিত ‘শিশুশ্রম নিরসনে আমাদের দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী শিশুদের শ্রমে নিয়োগ দেওয়ার বিষয়টিকে একধরনের ‘অভ্যাস’ ও ‘মেন্টালিটি’ হিসেবে উল্লেখ করে বলেন, অনেকেই বাইরে বড় বড় মানবাধিকারের কথা বলেন। অথচ তাঁরাই তাঁদের বাসায় শিশুদের গৃহশ্রমিক হিসেবে নিয়োগ দেন। টেলিভিশন বা ফ্রিজের জন্য একটি জায়গা নির্দিষ্ট করলেও ওই শিশুটি কোথায় ঘুমাবে, তার কোনো নির্দিষ্ট জায়গা দেন না। তাই বড় বড় কথা না বলে নিজের ঘর থেকে মানবাধিকার রক্ষার কাজ শুরু করার আহ্বান জানান তিনি। গণমাধ্যম এ বিষয়ে যাতে সচেতনতা তৈরিতে এগিয়ে আসে, সে আহ্বানও জানান তিনি।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অনেক। তবে যেতে হবে আরও অনেক দূর। সরকারের নীতি-চেষ্টা, দাতাগোষ্ঠী, এনজিও এবং গণমাধ্যম একত্র হলে দেশে অনেক কিছুই করা সম্ভব।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় অনুষ্ঠিত বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধি, দাতাগোষ্ঠী এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০১৫-পরবর্তী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সব ধরনের শিশুশ্রম নিরসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি-বেসরকারি পর্যায়ের সম্মিলিত উদ্যোগ এবং যথাযথ বাজেট বরাদ্দ করা হলে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে আলোচকেরা মন্তব্য করেন।
বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোন্দকার মোস্তান হোসেন দেশে শিশুশ্রমের অবস্থা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, সরকারের নিজস্ব অর্থায়নে গত কয়েক বছরে তৃতীয় পর্যায়ে এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। চতুর্থ পর্যায়ের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক তোফায়েল আহমেদ, আইএলওর দেশীয় পরিচালক শ্রীনিভাস বি রেড্ডি, জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষা কর্মকর্তা জামিল হাসান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আহম্মদ, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী, সেভ দ্য চিলড্রেনের এদেশীয় উপপরিচালক টিম হোয়েট, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর ফ্রেড ইউটিভিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ফারুক আহমেদ, ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অন ওয়ার্কার্স এডুকেশনের চেয়ারপারসন শুক্কুর মাহমুদ, বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স লীগের সহসভাপতি মরিয়ম আক্তার আলোচনায় অংশ নেন।