২০২১ সালের মধ্যে বেকারত্বের হার ১৫ শতাংশে আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশে বেকারত্বের হার ১৫ শতাংশে নামিয়ে আনা হবে। বর্তমানে বেকারত্বের হার ৪০ ভাগ। তিনি জানান, বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং বেকার সমস্যার সমাধানে কর্মসংস্থান সৃষ্টিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।গতকাল বুধবার জাতীয় সংসদে গাজীপুরের সাংসদ রহমত আলীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এর আগে বেলা তিনটা ১০ মিনিটে অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব স্পিকার টেবিলে উপস্থাপন করেন। বিরোধী দলের সদস্যরা অধিবেশনের শুরুতেই কাল সংসদে যোগ দেন।প্রধানমন্ত্রী বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো দেশে ও বিদেশে দক্ষ কর্মীর চাহিদা অনুসারে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিদেশে বাংলাদেশের নতুন শ্রমের বাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, ওমান, কাতার, মালয়েশিয়া, রোমানিয়া, উজবেকিস্তান এবং আজারবাইজানে বেশি সংখ্যক শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য ইরেজি, আরবি, কোরিয়া এবং জাপানি ভাষা শিক্ষার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ছাড়া দেশের মঙ্গাকবলিত এলাকায় বেকারত্ব কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ভূমিধস ও ভূমিকম্পের সম্ভাবনা: নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের ভূগর্ভস্থ পানি প্রতিনিয়ত ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর দুই থেকে তিন মিটার করে নিচে নেমে যাচ্ছে। এর ফলে ভূতত্ত্বগত প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় ভূমিধস ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আশঙ্কা রয়েছে।অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০১১ সালের মধ্যে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সায়েদাবাদ পানি শোধনাগার ও কেরানীগঞ্জ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর বাইরে ঢাকা মহানগরে আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহের জন্য ক্ষিলখেত এলাকায় একটি পানি শোধনাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর সমীক্ষার কাজ শুরু হয়েছে। পদ্মা সেতুর নির্মাণ: চাঁদপুরের সাংসদ হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও আধুনিকীকরণে সরকার বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সরকার দায়িত্ব নেওয়ার ১৮ কার্যদিবসের মধ্যে পদ্মা সেতুর আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ চূড়ান্ত করা হয়। আগামী সেপ্টেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।