২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায়। গতকাল শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে নবম বাংলাদেশ ও প্রথম সার্ক স্কাউট অর্গানাইজেশন (সানসো) স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে দক্ষ তথ্যপ্রযুক্তিবিদ তৈরির জন্য সরকার স্কুলগুলোতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদানের জন্য কম্পিউটার ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের ব্যবস্থা করেছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে তথ্যসেবাকেন্দ্র চালু করা হয়েছে। স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, হিংসা, বিদ্বেষ ও নৈতিক অবক্ষয়ের ঊর্ধ্বে উঠে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নেতৃত্বদানের জন্য প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ ও জাম্বুরির সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আল মামুন।
বাংলাদেশ স্কাউটস গার্ল-ইন-স্কাউটিং কার্যক্রম তাদের ২০ বছর পূর্তি উদ্যাপন করছে এবং স্কাউটিংয়ে মেয়েদের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫২ হাজার ৬৬৭ জন। এ জন্য প্রধানমন্ত্রী স্কাউটসকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্কাউটিংয়ে মেয়েদের সংখ্যা আরও বাড়াতে হবে। এর জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
এর আগে সকাল ১০টায় মৌচাকে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেঞ্চল হক ও স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ। সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্কাউটস সমাবেশ পরিদর্শন করেন।
মৌচাকে শালবনে ঘেরা বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষণকেন্দ্রে এই আয়োজন ১১ এপ্রিল মহা তাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হবে। সপ্তাহব্যাপী এ জাম্বুরিতে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের প্রায় নয় হাজার স্কাউট অংশ নিচ্ছে। এতে স্কাউটিংয়ের নানা বিষয়ের ওপর অংশগ্রহণকারীদের হাতে-কলমে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।