
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো ফলাফল করায় বাংলাদেশ দলের ছয় খুদে গণিতবিদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, ২০২১ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আয়োজক হওয়ার আবেদন করবে বাংলাদেশ। যদি বাংলাদেশ আয়োজক হিসেবে সুযোগ পায়, তাহলে ওই অলিম্পিয়াডে বাংলাদেশকে শীর্ষ দশে থাকতে হবে। ফলে এখন থেকেই এ জন্য প্রস্তুতি নিতে হবে।
থাইল্যান্ডের চিয়াংমাই শহরে আইএমওতে দক্ষিণ এশিয়ায় সেরা হওয়া বাংলাদেশের ছয় খুদে গণিতবিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইএমওতে রৌপ্যপদক বিজয়ী ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সানজিদ আনোয়ার, ব্রোঞ্জপদক বিজয়ী একই কলেজের আদিব হাসান, সিলেটের এমসি কলেজের আসিফ-ই-ইলাহী, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাজিদ আখতার ও নটর ডেম কলেজের সাব্বির রহমান এবং সম্মানজনক স্বীকৃতি পাওয়া বরিশাল জিলা স্কুলের এ এম নাঈমুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক শুরু থেকেই গণিত অলিম্পিয়াডের সঙ্গে ছিল। ভবিষ্যতেও থাকবে। গণিত অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ভারতের গণিতবিদেরা দুনিয়াজুড়ে বিখ্যাত। বাংলাদেশের ছেলেরা সেই ভারতকে গণিত অলিম্পিয়াডে পেছনে ফেলতে পেরেছে। তবে এখানে আটকে থাকলে হবে না। বাংলাদেশকে আরও অনেক দূর যেতে হবে।
বিশিষ্ট বিজ্ঞানী রেজাউর রহমান বলেন, গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের শুধু পুরস্কার পেয়েই সন্তুষ্ট থাকলে হবে না। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণিতের চর্চা বাড়ানোর জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সামনের দিনে দায়িত্ব আরও বেড়ে গেল। এখন বাংলাদেশের আর পেছনে যাওয়ার সুযোগ নেই। আরও সামনের দিকে এগোতে হবে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ও মনোরোগ চিকিৎসক মোহিত কামাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি মুনিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরশাদ মোমেন, বুয়েটের আবদুল হাকিম খান, টিচার্স ট্রেনিং কলেজের গণিত শিক্ষক রাজিয়া বেগম।
প্রথম আলো বন্ধু সভা, হিমু পরিবহন, গুগল ডেভেলপার গ্রুপ বাংলা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, মুক্ত আসর, শিশু–কিশোর বিজ্ঞান কংগ্রেস, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, উইকি মিডিয়া বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির পক্ষ থেকে বিজয়ীদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন বুয়েটের সাংস্কৃতিক দল মূর্ছনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।