২০২৫ সালের মধ্যে শিশুশ্রম বিদায়: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে যেকোনোভাবেই হোক দেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করা। ২০২৫ সালের মধ্যে এ দেশ থেকে শিশুশ্রম চিরতরে বিদায় করব।’
রাজধানীর ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান মিলনায়তনে আজ বেলা তিনটায় এক গোলটেবিল বৈঠকে সরকারের এই প্রত্যয়ের কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং করণীয়’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক জানান, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের কারণ অনুসন্ধানে সরকার দেশব্যাপী একটি জরিপ শুরু করেছে। এই জরিপের সারা দেশে কী পরিমাণ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে, তা বের করা হবে। এরপর এটাকে সামনে রেখে কর্মপরিকল্পনা নেওয়া হবে।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে শিশুশ্রম, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের বিষয়টি কীভাবে সম্পৃক্ত তা তুলে ধরেন।
২০১৩ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় শিশুশ্রম সমীক্ষার ফলাফল তুলে ধরে অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া বলেন, দেশে সাড়ে ৩৪ লাখ শিশু শ্রম দিচ্ছে। এর মধ্যে পাঁচ থেকে ১১ বছর বয়সী ১৭ লাখ শিশু রয়েছে, যাদের কাজ শিশুশ্রমের আওতায় পড়ে। আর এদের মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত রয়েছে।
মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া বলেন, ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে এই সরকার কাজ করছে। লক্ষ্যমাত্রাগুলোর আট নম্বর লক্ষ্য হচ্ছে শিশুশ্রম নিরসন করা। কিন্তু এই সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূল করাকে জাতীয়ভাবে প্রাধান্য দিচ্ছে না। এমনকি সরকারের সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনাতে এই বিষয়টিকে আলোকপাত করা হয়নি। কর্মপরিকল্পনার মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।