বর্তমানের তরুণদের ‘সবচেয়ে ক্ষমতাধর প্রজন্ম’ হিসেবে অভিহিত করে ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে দারিদ্র্য দূর করতে তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট ২০১৩’ শীর্ষক সম্মেলনে অধ্যাপক ইউনূস ওই আহ্বান জানিয়েছেন। গত বুধবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ওই সম্মেলনের প্রথম দিন তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
শিক্ষা, যুব কর্মসংস্থান ও ব্যবসায়ে তরুণদের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ওই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশ্বের ১৯০টি দেশের এক হাজার ৩০০ তরুণ নেতা ওই সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশ থেকে গেছে ১০ জনের একটি দল। ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মূল প্রবন্ধে ড. ইউনূস বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বকে দারিদ্র্যমুক্ত করাই বিশ্ব সম্প্রদায়ের নতুন লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, ‘২০০০ সালে কফি আনান ও জাতিসংঘ যখন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) ঘোষণা করে, তখন মানুষ হাসাহাসি করেছিল। বলেছিল, তারা পাগল হয়েছে। কিন্তু যখন বাংলাদেশ ঘোষণা করল, এমডিজির প্রথম লক্ষ্য দারিদ্র্য ২০১৩ সালের মধ্যে অর্ধেক কমিয়ে আনা হয়েছে, তখন আপনারা জানতে পারলেন এমডিজি সত্যিই আন্তরিক। ওই ঘোষণাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হতো।’ ইউএনবি।