২০৪১ সালে আজকের তরুণেরা বাংলাদেশের নেতৃত্বে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী দিবসের অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশে সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: সংগৃহীত
নারী দিবসের অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশে সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: সংগৃহীত

এনজিও ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম বলেছেন, আজকের তরুণেরাই ২০৪১ সালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে। বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন তরুণেরাই। আর এভাবেই নারী–পুরুষের সমতা সমাজে আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হবে।

আজ রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউসেপ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে কে এম আবদুস সালাম এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কে এম আবদুস সালাম বলেন, ‘আমাদের দেশে মেয়েরা এগিয়ে যাচ্ছে এবং সামনে তাদের কাজ ও নেতৃত্বের মাধ্যমে আরও অগ্রসর হবে। তবে এ জন্য নারীদের নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রেই তিনি ইউসেপ বাংলাদেশের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার পেইনি মরটোন বিশ্বব্যাপী নারীদের অবস্থানের কথা উল্লেখ করার পাশাপাশি বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার ও ক্ষমতায়নের প্রশংসা করেন। এ ক্ষেত্রে ইউসেপ বাংলাদেশ যে একটি বিশেষ ভূমিকা পালন করছে, সে সম্পর্কেও উপস্থিত সুধীজনদের অবহিত করেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউসেপ বাংলাদেশ নানা অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউসেপ বাংলাদেশ নানা অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে আরও উপস্থিত ‍ছিলেন ইউসেপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান লায়ন জে এল ভৌমিক, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা বরাবরই প্রতিষ্ঠানটির সব অনুষ্ঠান আয়োজনের মূল চালিকাশক্তি। শিক্ষার্থীরা তাদের নিজস্ব সৃষ্টিশীল ভাবনা এবং পরবর্তী সময়ে সে অনুযায়ী নানা পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে আগত অতিথিদের মুগ্ধ করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও এর ব্যতিক্রম হয়নি। দিবসটির ভাবনার সঙ্গে মিল রেখে তাঁরা মঞ্চে নাটক, নাচ ও গান পরিবেশন করেন। পাশাপাশি ইউসেপ বাংলাদেশের দুজন সাবেক নারী শিক্ষার্থী তাঁদের সফলতার গল্প উপস্থিত অতিথিদের কাছে তুলে ধরেন। বিজ্ঞপ্তি