২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন l ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সেভাবে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।’ 
গতকাল শনিবার সকালে নৌবাহিনীর প্রথম মিসাইল ফ্রিগেট ‘বানৌজা ওসমান’কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম নেভাল বার্থে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘পটুয়াখালীর রাবনাবাদ এলাকায় সাবমেরিন বার্থিং ও এভিয়েশন সুবিধাসংবলিত নৌবাহিনীর সর্ববৃহৎ নৌঘাঁটি প্রতিষ্ঠার কার্যক্রম আমরা শুরু করেছি। নৌবাহিনীর নিজস্ব বিমানঘাঁটিসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূখণ্ডের প্রায় সমপরিমাণ সমুদ্র এলাকা এবং এর সম্পদের ওপর আমাদের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্পদ আহরণসহ সমুদ্র এলাকায় সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্পদ আহরণ ও নিরাপদ বাণিজ্য নিশ্চিতে নিরাপত্তা বিধানে নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ সরকারের সময় ১৬টি জাহাজ নৌবহরে যুক্ত হয়েছে। দুটি হেলিকপ্টার ও দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজন করা হয়েছে। নেভাল এভিয়েশন ও স্পেশাল ফোর্স সোয়াডস্ কমিশন করা হয়েছে। চীনে নির্মাণাধীন দুটি অত্যাধুনিক করভেট ও দুটি সাবমেরিন আগামী বছরের মধ্যে নৌবাহিনীতে সংযোজিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগরে বর্ধিত কর্মপরিধি এবং সমুদ্রসম্পদ আহরণের ক্ষেত্রে হাইড্রোগ্রাফিক জরিপ কর্মকাণ্ড সম্পাদনে সাংগঠনিক কাঠামো গঠনের বিষয়টি ইতিমধ্যে আমি অনুমোদন দিয়েছি।’
নৌবাহিনীর অর্থায়নে খুলনা শিপইয়ার্ডে দুটি কনটেইনার জাহাজ নির্মাণ হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমবারের মতো নৌবাহিনীর জন্য পাঁচটি পেট্রোল ক্রাফট তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড, যা আমাদের নিজস্ব যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা বাড়িয়ে দিয়েছে। আরও দুটি বড় পেট্রোল ক্রাফট তৈরির কাজও শুরু হয়েছে। এ ধরনের প্রকল্প বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনবে।’
এর আগে বানৌজা ওসমান-এর অধিনায়ক ক্যাপ্টেন আমিনুল ইসলাম খানের হাতে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ২৫ বছর দেশে-বিদেশে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।
নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওসমান ১৯৮৯ সালে নৌবহরে সংযোজিত হয়। সর্বশেষ গত চার বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থেকে জাহাজটি ৪৩০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে। জাহাজটি গত ১১ আগস্ট বাংলাদেশে ফিরে আসার পর সমুদ্র এলাকার নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে।
সকালে প্রধানমন্ত্রী চট্টগ্রামে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব তাঁকে স্বাগত জানান। পরে নৌবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, বিমানবাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।