অর্থাভাবে আটকে আছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের সংস্কারকাজ। ৪৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কে ২০৫টি বাঁক আছে। সড়কের নানা স্থানে পিচ উঠে গিয়ে খোয়া বেরিয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দের। সড়কটি যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন যানবাহন বিকল হচ্ছে এ সড়কে।কুমিল্লার সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা যায়, সড়কের ৪৩ কিলোমিটারের মধ্যে সাড়ে ২১ কিলোমিটার গর্তে ভরা ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২০১০-১১ অর্থবছরে জরাজীর্ণ সড়কটি সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, প্রশস্তকরণ, অধিগ্রহণ ও বাঁক সোজা করার জন্য ৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মেসার্স হক এন্টারপ্রাইজ ও এনাম কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। ঠিকাদারি প্রতিষ্ঠান ১২ কিলোমিটার সড়ক সম্পূর্ণ, সাড়ে নয় কিলোমিটার আংশিক, একটি সেতু, তিনটি কালভার্ট সম্পূর্ণ ও দুটি সেতুর আংশিক কাজ সাড়ে ১৯ কোটি টাকায় করে। কিন্তু এই টাকার অর্ধেকের বেশি বিল আটকে থাকায় কাজের গতি ঝিমিয়ে পড়েছে।কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, ২০১০ সালের জুনে কাজ শুরু হয়ে ২০১৩ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। অর্থাভাবে কাজ এগোচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমার সাড়ে ১৬ কিলোমিটার অংশে এ পর্যন্ত সোয়া ছয় কোটি টাকার কাজ শেষ হয়েছে। ঠিকাদারকে মাত্র দুই কোটি ২৫ লাখ টাকার বিল দেওয়া হয়েছে। বাকি চার কোটি টাকার বিলের জন্য ঠিকাদার আবেদন করেও বরাদ্দের অভাবে বিল দিতে পারছি না। অর্থের অভাবে ভূমি অধিগ্রহণ জটিলতাও রয়েছে।’সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ সাড়ে ২১ কিলোমিটার সড়কের বেশির ভাগই ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। এর মধ্যে বাড়িকান্দি, নোয়াগাঁও, নোয়াদ্দা, দৌলতপুর, সাদারদিয়া, কবিচন্দ্রদি, নায়েরগাঁও ও আশ্বিনপুর এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। প্রতিদিনই কোনো না কোনো বাস বিকল হচ্ছে। এতে যাত্রীরা মধ্য সড়কে কোনো যানবাহন পায় না। সব মিলিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সালমা আক্তার বলে, ‘গর্তে ভরা এ রাস্তা দিয়ে নিয়মিত ক্লাস করতে এসে শরীরের বারোটা বাজছে।’ সরকারি চাকরিজীবী মিজানুর রহমান জানান, ‘অফিস করতে নিয়মিত সড়কটি দিয়ে আসা-যাওয়া করতে হয়। গর্তে গাড়ির ঝাঁকুনি খেয়ে মাঝেমধ্যে গায়ে ব্যথা ও জ্বর জ্বর ভাব হয়। গাড়িচালক বুলবুল আহমেদ জানান, মৃত্যুর ঝুঁকি ও আতঙ্কের মধ্যে গাড়ি চালাতে হয়। কোনো কোনো জায়গায় কিনারে এক থেকে দেড় ফুট পর্যন্ত মাটি নেই। অন্য গাড়িকে পাশ দিতে গেলে যেকোনো সময় বাস উল্টে যাওয়ার ভয় থাকে। তা ছাড়া যানবাহনের যান্ত্রিক ত্রুটি দিন দিন বাড়ছে।এনাম কনস্ট্রাকশন লিমিটেডের অংশীদার সাইফুল ইসলাম বলেন, ‘কয়েক কোটি টাকা বিল বাকি থাকলে কীভাবে কাজ চালিয়ে যাই? পাওনা টাকার জন্য আবেদন করেও দীর্ঘদিন ধরে পাচ্ছি না।’