বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে ২০৫০ সালে দেশ সপ্তম স্থানে এসে দাঁড়াবে। তখন দেশের জনসংখ্যা হবে ২২ কোটি ৬০ লাখ। চট্টগ্রামে গতকাল শনিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘৭০০ কোটির বিশ্ব’ উদ্যাপন উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত এক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। দিনটি উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম দিনে গতকাল সকালে সরকারি ও বেসরকারি সংস্থার লোকজন শোভাযাত্রা বের করেন। এ ছাড়া চট্টগ্রাম সার্কিট হাউসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সুব্রত কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। নৈতিকতাবোধ জাগ্রত করে এবং জনসংখ্যা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা সৃষ্টি হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) ছেহেলী নার্গিস। আজ (রোববার) এবং আগামীকাল পর্যন্ত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ বিষয়ে গণ-উদ্বুদ্ধকরণ সভা, পল্লিগানের আসরসহ বিশেষ সেবা কর্মসূচি হাতে নিয়েছে।