২০৬ করাতকলের সবগুলোই অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ছয় উপজেলায় মোট ২০৬টি করাতকল চলছে। এর সবগুলোই অবৈধ। বন বিভাগ বলছে, নিয়ম অনুযায়ী এই করাতকলগুলোর অধিকাংশ অনুমোদন পাওয়ার যোগ্য নয়। আবার যেগুলোর যোগ্যতা আছে সেগুলোও লাইসেন্স করছে না।
করাতকল-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, করাতকল মালিকদের অনেকেই জানেন না লাইসেন্স করা কতটা জরুরি। তাই তাঁরা লাইসেন্স করছেন না। এ বিষয়ে তাঁদের মধ্যে একধরনের উদাসীনতা কাজ করছে। তা ছাড়া খরচের কারণেও অনেকে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।
জেলা শহরের কৃষি ফার্মের সামনে অবস্থিত ভাই ভাই করাতকল। এটির মালিক লাবলু ইসলাম বলেন, তিনি ২০০২ সালে লাইসেন্স করেছেন। শুরুতে কয়েকবার নবায়ন করা হলেও সম্প্রতি আর করেননি। তবে প্রয়োজন হলে করবেন।
সরকারি নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ মিটারের মধ্যে করাতকল থাকতে পারবে না। কিন্তু জেলায় অনেকে তা মানছেন না। নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়, শহীদ জিয়া বালিকা বিদ্যানিকেতন ও কারিগরি কলেজের ২০০ মিটারের মধ্যে তিনটি করাতকল স্থাপন করা হয়েছে। এভাবে জেলার অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি স্থানে করাতকল রয়েছে।
এ ছাড়া নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্তের ১০ কিলোমিটার এবং বনভূমির ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা-ও এখানে উপেক্ষিত হচ্ছে। চিলাহাটি ও ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখড়ি ইউনিয়নের ভারতীয় সীমান্তের দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং ডোমার ও ডিমলা উপজেলায় বনভূমির কাছাকাছি স্থানে বেশ কিছু করাতকল স্থাপন করা হয়েছে।
সদরের খোকশাবাড়ি ইউনিয়নের হালির মোড় এলাকায় পাশাপাশি তিনটি করাতকল চলছে। তার দুটির মালিক রুস্তম আলী বলেন, ‘আমি ২০০৮ সালে একটার লাইসেন্স করেছি, আর নবায়ন করি নাই। নবায়ন করার জন্য বন বিভাগের অফিসে ডাকছিল, আমি যাই নাই।’
জানতে চাইলে নীলফামারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিছুর রহমান বলেন, সদরে এখন অবৈধভাবে ৬৫টি করাতকল চলছে। আগে ১২টি করাতকলের লাইসেন্স ছিল। ২০১৩ সালের পর জেলায় কোনো লাইসেন্স নবায়ন করা হয়নি। এ ব্যাপারে বারবার নোটিশ করেও কোনো কাজ হচ্ছে না। তিনি বলেন, নিয়ম অনুযায়ী কিছু করাতকল লাইসেন্স পাওয়ার যোগ্য নয়। বিষয়টি আগামী জেলা আইনশৃঙ্খলা সভায় তোলা হবে।
ডোমার সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন, ডোমার ও ডিমলা উপজেলায় মোট ৫৯টি করাতকল রয়েছে। বর্তমানে একটিরও লাইসেন্স নেই। সম্প্রতি নয়জন করাতকল মালিক লাইসেন্সের জন্য আবেদন করেছেন। সেগুলোর তদন্ত চলছে। তিনি বলেন, আইন অমান্যকারীদের সর্বনিম্ন দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু এদের বিরুদ্ধে মামলা করা যাচ্ছে না। মামলা করলে চেয়ারে থাকা যাবে না। তবে অবৈধ করাতকলের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মোনায়েম হোসেন বলেন, এই তিন উপজেলায় ৮২টি করাতকল রয়েছে। এর মধ্যে একটি করাতকলেরও লাইসেন্স নেই। বারবার নোটিশ করেও তাদের লাইসেন্স করানো যাচ্ছে না। তিনি বলেন, একটি করাতকলের লাইসেন্স করাতে দুই হাজার টাকা লাগে। এ ছাড়া প্রতিবছর নবায়ন করাতে লাগে ৫০০ টাকা ও ভ্যাট বাবদ ৩০০ টাকা। কিন্তু কেউই এটা করছে না।