২০৬ বিদ্যালয় পরিদর্শন করেন এক কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২০৬টি। এসব বিদ্যালয় পরিদর্শনের জন্য আটটি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এটিও) পদ রয়েছে। এ পদে বর্তমানে কর্মরত মাত্র একজন। তিনি প্রতিদিন একটি বিদ্যালয় পরিদর্শন করলে সবগুলো শেষ করতে অন্তত এক বছর লাগবে।প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ বিদ্যালয়গুলোতে ৭৮ হাজার ৬৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষক রয়েছেন ৮৫২ জন। এগুলো পরিদর্শনের জন্য আটটি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও দীর্ঘদিন ধরে কর্মরত আছেন একজন।উপজেলার বাবুনগর প্রাথমিক বিদ্যালয় থেকে সাড়ে ১১ বছর আগে অবসর নেন মো. এমদাদ হোসেন। তিনি জানান, তাঁরা যখন শিক্ষকতা করতেন তখন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে আতঙ্কে থাকতেন। কারণ তাঁরা যখন-তখন বিদ্যালয়ে এসে বিভিন্ন অনিয়ম খুঁজে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। এ জন্য শিক্ষকেরা বিদ্যালয়ে যথাসময়ে আসাসহ পাঠদানে মনোযোগী ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জানান, প্রতিদিনই শিক্ষকেরা এক-দেড় ঘণ্টা দেরিতে বিদ্যালয়ে আসেন। অনেক সময় শিক্ষকেরা কক্ষে বসে আড্ডা দেন। ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলা করে। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে অনেকের বাগিবতণ্ডাও হয়। তাঁরা অনুসন্ধানে জেনেছেন, গ্রামের বিদ্যালয়গুলোতে আগের মতো মনিটরিংয়ের ব্যবস্থা নেই। তাই এ অবস্থা চলছে।উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘বিদ্যালয়ের তুলনায় এটিওর পদ অনেক কম। সে জন্য তদারকিও কম। বিদ্যালয়ে যত বেশি তদারকি হবে, তত শিক্ষার সুফল বাড়বে। তদারকি থাকলে শিক্ষার মানও ক্রমাগত বাড়ে।’একমাত্র এটিও বশির আহমদ সরকার বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় পরিদর্শন করতে গেলে সারা দিন চলে যায়। এ ছাড়া নির্দিষ্ট সময়ে সরকার ঘোষিত কাজও করতে হয়। মাঝেমধ্যে চাপ সামাল দিতে সন্ধ্যা গড়িয়ে রাতেও কাজ করতে হয়।’উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েকবার লেখা হয়েছে। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।’ চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) নাসরীন সুলতানা বলেন, ‘অনেক উপজেলায় এ ধরনের শূন্য পদ রয়েছে। তবে, ফটিকছড়ির শূন্য পদগুলো শিগগিরই পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’