২০৭টি বিদ্যালয়ে প্রথম দিনের পরীক্ষাস্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলায় বার্ষিক পরীক্ষার প্রথম দিন গতকাল শনিবার ২০৭টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ে প্রশ্নপত্র সরবরাহ না হওয়ায় প্রথম থেকে চতুর্থ শ্রেণির ওই পরীক্ষা স্থগিত করা হয়। এতে বিদ্যালয়ে এসে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সদর উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সরকারি ও বেসরকারি ২০৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৭২৪।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, গতকাল থেকে জেলার ছয় উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার জন্য শিক্ষার্থীদের রুটিনও দেওয়া হয়। ওই রুটিনে জেলার অন্যান্য উপজেলায় পরীক্ষা হলেও সদর উপজেলায় প্রশ্নপত্র সরবরাহ না হওয়ায় ২০৭টি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল গণিত বিষয়ের পরীক্ষা হয়নি।
ওই শিক্ষকেরা আরও বলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে বার্ষিক পরীক্ষা আয়োজক কমিটি করা হয়। ওই কমিটির আহ্বায়কের প্রশ্নপত্র তৈরি করে অন্তত দুই দিন আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সরবরাহ করার কথা। কিন্তু কমিটির আহ্বায়ক সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রশ্নপত্র সরবরাহ না করে গতকালের পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন। সকালে বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী ও অভিভাবকেরা জানতে পারেন পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। এ ঘটনায় অনেক শিক্ষার্থী ও অভিভাবক তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জেলা শহরের থানাপাড়ার অভিভাবক রোখসানা আজিজ বলেন, ‘আমার ছেলে ইমনাম শাহ নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। পরীক্ষার রুটিন অনুযায়ী দুপুর দেড়টা থেকে চারটা পর্যন্ত তার গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। দুপুর একটার দিকে ছেলেকে নিয়ে বিদ্যালয়ে এসে জানতে পারি, পরীক্ষা হবে না। প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছে আমার ছেলে।’
শহরের নটখানা এলাকার অভিভাবক ববিতা সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসে শুনি, পরীক্ষা হবে না। এখন আমার মেয়ের যে ক্ষতি হলো, সেটা পোষাবে কেমন করে।’ তাঁদের মতো আরও কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, দায়িত্বহীনতার কারণে শিশু শিক্ষার্থীদের এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে। প্রথম দিন পরীক্ষা দিতে না পারায় শিশুদের মানসিক বিপর্যয় ঘটেছে।
এ ব্যাপারে জানতে চাইলে, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলাম বলেন, প্রেস কর্তৃপক্ষ প্রশ্নপত্র ছাপানোর কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারায় গত শুক্রবার প্রশ্ন সরবরাহ করা সম্ভব হয়নি। তবে গতকাল সকাল থেকে সরবরাহ শুরু করা হয়েছে। ফলে প্রথম দিনের গণিত বিষয়ের পরীক্ষা স্থগিত করে ওই পরীক্ষা ১৯ ডিসেম্বর নিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক বলেন, ‘আমি বিষয়টি গত শুক্রবার রাতে জানতে পেরেছি। সময়ের মধ্যে প্রশ্ন ছাপার কাজ সমাপ্ত না হওয়ার কথা জানিয়েছেন সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ বিষয়ে আমি তাঁর কাছে অফিশিয়ালি জানতে চেয়ে চিঠি পাঠাব।’