২০৮ চালকলের অনুমোদন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় যশোরের ২০৮টি চালকলের অনুমোদন (লাইসেন্স) বাতিল করা হয়েছে। এসব চালকলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানিয়ে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের চিঠি গতকাল মঙ্গলবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রকদের কাছে পাঠানো হয়েছে।জেলা খাদ্য নিয়ন্ত্রক আমজাদ হোসেন বলেন, ‘জেলার লাইসেন্সকৃত ৪৫০টি চালকলের মধ্যে ২১৬টি চালকলের মালিক সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য নির্ধারিত সময় গত ২৫ মের মধ্যে চুক্তিবদ্ধ হন। অন্যরা চুক্তিবদ্ধ না হওয়ায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। অধিকাংশ চালকলমালিকদের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁদের লাইসেন্স বাতিল করা হয়েছে।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২২ হাজার ৮৮৬ মেট্রিক টন চাল ও চার হাজার ৪৬৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকার প্রতি কেজি চালের দাম ২৫ টাকা ও ধানের দাম ১৭ টাকা করে নির্ধারণ করে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজার ১৪০ মেট্রিক টন চাল ও ৪৪ মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক চালকলমালিক বলেন, বাজারে মোটা চালের দামও এখন ৩০ থেকে ৩২ টাকা। সেখানে ২৫ টাকা দাম নির্ধারণ করা হলে চালকলমালিকেরা কী করে গুদামে চাল দেবেন। এ কারণে চুক্তিবদ্ধ হওয়ার আগ্রহ হয়নি।জেলা খাদ্য নিয়ন্ত্রক আমজাদ হোসেন জানান, ২০৮টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। এসব চালকলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সরকার চালকলমালিকদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে, চুক্তিবদ্ধ যেসব চালকলমালিকেরা গুদামে চাল দেবেন, পরবর্তী সময়ে তাঁদের প্রতি কেজিতে তিন টাকা করে বোনাস দেওয়া হবে।