সাগরে ভেসে চলা অভিবাসন-প্রত্যাশীদের উদ্ধারে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে প্রথমবারের মতো একটি নৌকার ২০৮ আরোহীকে উদ্ধার করেছে মিয়ানমার। দেশটির দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশি।
গত দুই সপ্তাহে তিন হাজারের বেশি অভিবাসীকে উদ্ধারের পর আন্দামান সাগরে এখনো সমানসংখ্যক ও বঙ্গোপসাগরে দুই হাজার অভিবাসন-প্রত্যাশী মানুষ মৃত্যুঝুঁকিতে ভেসে আছে বলে ধারণা করেছে জাতিসংঘ। খবর এপি, এএফপি ও রয়টার্সের।
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা তিন মং সুই গতকাল শুক্রবার জানান, মিয়ানমারের সমুদ্র উপকূলে টহল দেওয়ার সময় ভোরে তাদের নৌবাহিনীর একটি জাহাজ দুটি নৌকা দেখতে পায়। এগুলোর একটি থেকে উদ্ধার করা হয় ২০৮ জনকে। তিনি দাবি করেন, ওই ব্যক্তিরা সবাই বাংলাদেশি। মংদোউ এলাকার একটি অস্থায়ী আশ্রয়শিবিরে নেওয়ার পর তাঁদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অপর নৌকাটিতে কোনো যাত্রী ছিল না।
এ ঘটনায় খালি গায়ে বহুসংখ্যক মানুষবোঝাই একটি কাঠের নৌকা তীরে ভেড়ার দৃশ্যসংবলিত কিছু ছবি ফেসবুকে ছেড়েছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়।
ভাসমান মানুষগুলোকে মিয়ানমারে উদ্ধারের এ ঘটনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তান।
বাংলাদেশ নৌবাহিনীর ভাষ্য: বাংলাদেশিদের উদ্ধার করার মিয়ানমারের দাবি প্রসঙ্গে নৌবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র গতকাল প্রথম আলোকে বলেছে, মিয়ানমারের জলসীমায় সাত দিন ধরে ভাসছিল ওই দুটি নৌকা। এ নৌকা দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে যাতে আরোহীদের উদ্ধার করা যায়, সে তৎপরতার প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল বাংলাদেশ নৌবাহিনী। তবে সাত দিন পর মিয়ানমার কর্তৃপক্ষ নাটকীয়ভাবে ওই আরোহীদের উদ্ধার করল।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন প্রদেশে বসবাসরত সে দেশের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশি নাগরিক বলে বরাবর দাবি করে আসছে মিয়ানমার।
এখনো ভাসমান পাঁচ হাজার: বঙ্গপোসাগরে এখনো প্রায় দুই হাজার ও আন্দামান সাগরে আরও তিন হাজারের বেশি বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসন-প্রত্যাশী পাচারকারীদের পরিচালিত নৌকায় ভেসে বেড়াচ্ছেন বলে ধারণা করছে ইউএনএইচসিআর।
এর আগে গত দুই সপ্তাহে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে তিন হাজারের বেশি অভিবাসী উদ্ধার হন। সংস্থাটি বলেছে, ভাসমান অভিবাসন-প্রত্যাশীদের সঠিক সংখ্যা অজানা। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও অন্যান্য সূত্রের মাধ্যমে এই মানুষের সংখ্যা ওই রকম হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
মালয়েশিয়ার উদ্ধার অভিযান শুরু: সাগরে ভাসমান অভিবাসন-প্রত্যাশীদের অনুসন্ধান ও উদ্ধারে মালয়েশিয়ার চারটি নৌযান কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান আবদুল আজিজ জাফর। অভিযানের জন্য তিনটি হেলিকপ্টার ও তিনটি যুদ্ধজাহাজও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, ভাসমান অভিবাসন-প্রত্যাশীদের নিয়ে সৃষ্ট মানবিক সংকট মোকাবিলায় এ অঞ্চলের দেশগুলোকে সহায়তা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই সংকটে সরাসরি ভূমিকা রাখার এই প্রথম ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র।
‘নাগরিকত্ব দেওয়ার’ আহ্বান: চলমান সংকটের একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সংখ্যালঘু ও নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘নাগরিকত্বের স্বীকৃতি’ দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গতকাল ইয়াঙ্গুনে সাংবাদিকদের বলেন, ‘তাঁদের নাগরিকত্ব দেওয়া উচিত। চলতি সংকটকে আমরা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করলেও টেকসই সমাধানের জন্য আমাদের অবশ্যই এ সমস্যার মূল কারণ দূর করতে হবে।