আগামী ২১ অক্টোবর থেকে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের মেলা। নবমবারের মতো এ মেলার আয়োজন করছে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মাসব্যাপী মেলা চলবে।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারপারসন রেখা আলম চৌধুরী।
উপস্থিত ছিলেন চিটাগাং উইমেন চেম্বারের প্রেসিডেন্ট কামরুন মালেক, ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান, মেলা কমিটির কো-চেয়ারপারসন সুলতানা নূরজাহান, রেবেকা নাছরিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে রেখা আলম চৌধুরী বলেন, মেলায় ছোট-বড় মিলিয়ে ৩০০টি স্টল, ২০টি প্যাভিলিয়ন ও একটি এক্সিবিশন হল থাকছে। শিশুদের জন্য থাকবে বিনোদন পার্ক।
মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ১৫ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ কয়েকটি দেশকে মেলায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলার সহযোগিতায় রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশন ও জুট ডাইভার সিফিকেশন প্রমোশন সেন্টার।