২১ অক্টোবর মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে আগামী ২১ অক্টোবর লালদীঘি মাঠে মহাসমাবেশের ডাক দিয়েছে প্যাডেল ও সিএনজিচালিত অটোরিকশা চালক-মালিকদের চার সংগঠন। একই দিন প্যাডেল ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধে ধর্মঘটের কর্মসূচিও দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরের জামালখানে প্রেসক্লাবের সামনে চার সংগঠনের সমাবেশ থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে অংশ নেয় চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদ, চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক কল্যাণ সমিতি ও চট্টগ্রাম মহানগর রিকশা চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ।
সমাবেশে বক্তব্য দেন চার সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ওয়াজিউল্লাহ, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া প্রমুখ।
অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ঈদের পর ২১ অক্টোবর লালদীঘিতে মহাসমাবেশ হবে। সেদিন নগরে রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। মহাসমাবেশ সফল করতে ১৪ ও ১৫ অক্টোবর নগরের বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।
চার সংগঠনের প্রধান উপদেষ্টা ওয়াজিউল্লাহ বলেন, ৩১ আগস্ট পুলিশ প্রশাসন শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয়। কিন্তু উচ্চ আদালত থেকে অনুমতি নিয়ে ছয় মাসের জন্য আবারও তা চলাচলের সুযোগ পেয়েছে।
সমাবেশের আগে গতকাল সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের পুরোনো স্টেশনে চার সংগঠনের হাজার খানেক সদস্য জড়ো হন। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে লালদীঘি, আন্দরকিল্লাহ হয়ে প্রেসক্লাব পর্যন্ত যান। পরে সেখানেই সমাবেশ করেন।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে সড়কের এক পাশ বন্ধ করে এ সমাবেশ হয়। এ সময় জামালখান, চেরাগী পাহাড় মোড়, বৌদ্ধমন্দির, জুবিলি রোড, তিন পোল, নিউমার্কেট মোড়সহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েন মানুষ।