২১ অক্টোবর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণা করা হলেও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আসন্ন নির্বাচন ঘোষিত সময়ে হচ্ছে না।আগামী ২১ অক্টোবর ওই নির্বাচন হওয়ার কথা ছিল।এখন নতুন করে তফসিল ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে এই নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন সভা করে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব ও নির্বাচনের প্রধান কমিশনার মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলো ডটকমকে বলেন, সার্বিক দিক বিবেচনায় ২১ অক্টোবর নির্বাচন করা সম্ভব হচ্ছে না। তবে কয়েক দিনের মধ্যে আবার তফসিল ঘোষণা করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, যাঁরা ইতিমধ্যে মনোনয়নপত্র কিনে ফেলেছেন, সেটা বাতিল হবে না। যখন পুনঃতফসিল হবে তখন সেটাই জমা দিতে পারবেন। তিনি বলেন, নির্বাচনে ভোটার তালিকা নিয়ে আপত্তির সময় বাড়ানো হয়েছে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি দেওয়া যাবে।