২১ আগস্ট কেন আমাকে মারতে চেয়েছিলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তাঁর প্রশ্ন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে কেন তিনি (খালেদা জিয়া) তাঁকে হত্যা করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে বিরোধী দলীয় নেতার ছেলে এই হামলায় জড়িত ছিলেন।
আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ও আহতদের পরিবারের কাছে সঞ্চয়পত্র ও অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে দেওয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসস।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে তাঁদের ‘হত্যার রাজনীতি ও সন্ত্রাসীদের লালন বন্ধ করার’ আহ্বান জানান।
দেশে ২১ আগস্টের গ্রেনেড হামলার মত জঘন্য ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এমন আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দলীয় নেতার প্রতি প্রশ্ন কেন তিনি আমাকে হত্যা করতে চেয়েছেন এবং অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছেন?’

প্রধানমন্ত্রী বলেন, প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সন্ত্রাস বিরোধী সমাবেশে এ ধরনের বর্বরোচিত হামলার দৃষ্টান্ত আর নেই। এ বর্বরোচিত হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ দলের ২২ জন নেতা-কর্মী নিহত এবং শত শত নেতা-কর্মী আহত হন।

শেখ হাসিনা বলেন, এ হামলার লক্ষ্য ছিল তাঁকে হত্যা, আওয়ামী লীগকে নির্মূল এবং দলকে নেতৃত্ব শূন্য করা। তিনি বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে বিএনপি-জামায়াত, বিরোধী দলীয় নেতার ছেলে এবং তার মন্ত্রিসভার সদস্যরা এ হামলায় জড়িত ছিল। তিনি বলেন, হামলার দিন হতাহতদের উদ্ধারের পরিবর্তে পুলিশ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ ও কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। এর লক্ষ্য ছিল নির্বিঘ্নে হামলাকারীদের পালিয়ে যেতে সুযোগ করে দেওয়া।
প্রধানমন্ত্রী বলেন, সেদিন পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এমনকি তারা ঘটনার আলামত সংরক্ষণেরও উদ্যোগ নেয়নি। কোন তদন্ত চালায়নি এবং হামলাকারীদের ধরতেও আগ্রহ দেখায়নি।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতার কারণে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশ সন্ত্রাসী ও জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত অর্থ হচ্ছে সন্ত্রাসীদের লালন এবং সন্ত্রাস ও জঙ্গীবাদকে পৃষ্ঠপোষকতা করা।’ এ প্রসঙ্গে তিনি একযোগে দেশের পাঁচশ’টি স্থানে বোমা হামলা এবং সিলেট, নারায়ণগঞ্জ ও টঙ্গিতে শাহ এ এম এস কিবরিয়া, আহসান উল্ল¬াহ মাস্টার, শামীম ওসমান ও সুরঞ্জিত সেনগুপ্তের ওপর বোমা ও গ্রেনেড হামলার কথা উল্লে¬খ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সদস্য শেখ কবির হোসেন, শেখ হেলাল উদ্দিন ও নূর-ই-আলম লিটন চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী, সাংসদ ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং আইনজীবী আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।