২১ আগস্ট গ্রেনেড হামলা: এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি জঙ্গি নেতা মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বিরের পক্ষে যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। আজ বুধবার তাঁর পক্ষে আইনজীবী মাঈনুদ্দিন মিয়া যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে যুক্তিতর্ক শেষ না হওয়ায় ২২, ২৩ ও ২৪ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ দিন ধার্য করেন। এর আগে ১৪ জন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এর মধ্যে মহিবুল্লাহ বাদে অন্য ১৩ জনই পলাতক। মাওলানা সাব্বির কারাগারে আটক আছেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলার বিচারকাজ চলছে নাজিমুদ্দিন রোডে স্থাপিত বিশেষ এজলাসে। বুধবার দুপুর ১২টার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবী মাঈনুদ্দিন মিয়া কারাগারে আটক আসামি মাওলানা সাব্বিরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি বলেন, জঙ্গি নেতা আবদুল হান্নানকে নির্যাতন করে, ভয় দেখিয়ে জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে। মুফতি হান্নানকে ২০০৫ সালে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁকে ১২০ দিন র‍্যাব রিমান্ডে নেয়। রিমান্ডে তাঁকে অমানুষিকভাবে নির্যাতন করা হয়। মুফতি হান্নান প্রথম জবানবন্দি দেন রমনা বটমূলে বোমা হামলা মামলায়। ওই জবানবন্দিতে মুফতি হান্নান রমনা, সিলেট, কোটালীপাড়াসহ বিভিন্ন বোমা হামলার কথা প্রকাশ করেছেন। কিন্তু ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে কিছু বলেননি। তিনি আরও বলেন, ‘মুফতি হান্নান তাঁর জবানবন্দিতে একজন সাব্বিরের নাম বলেছিলেন। রমনা বটমূলে মামলার অভিযোগপত্র থেকে সেই সাব্বিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তদন্ত কর্মকর্তা আমার মোয়াক্কেলের নামের সঙ্গে (মাওলানা আবদুল হান্নান) ওরফে সাব্বির জড়িয়ে দিয়ে আসামি করেছেন।’
এ পর্যায়ে আইনজীবী মাঈনুদ্দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আরও সময় চেয়ে পরবর্তী তারিখ ধার্য করতে অনুরোধ জানান।
বিচারক বলেন, ‘আপনি ভালো আরগুমেন্ট করছেন। আরও একটু গুছিয়ে নেবেন। কারণ আপনি যা বলছেন, তা আমাকে ধারণ করতে হয়, গভীরে যেতে হয়। তাই আপনারা গুছিয়ে বললে, আপনারও সুবিধে হয়। আমারও সুবিধে হয়।’
এ পর্যায়ে রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, আসামিপক্ষে যেভাবে একজন আসামির পক্ষে সময় নিচ্ছেন, তাতে সব আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে আরও ২০০ কার্যদিবস লাগবে।
বিচারক শাহেদ নুর উদ্দিন উভয় পক্ষের আইনজীবীদের ধন্যবাদ জানান।