২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামী মাসে হতে পারে : সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, আইনমন্ত্রী আনিসুল হক সংসদীয় কমিটিকে জানিয়েছেন যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ২২৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আর দুজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া বাকি আছে। এরপর যুক্তিতর্ক উপস্থাপন হবে। তিনি বলেন, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে প্রতি মাসে এই মামলার অগ্রগতি অবহিত করতে হয়। গতকালের বৈঠকে আইনমন্ত্রী আশা প্রকাশ করেছেন সেপ্টেম্বরে রায় হতে পারে।
২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২২ জন নিহত হন এবং শেখ হাসিনাসহ কয়েক শত নেতা-কর্মী আহত হন। এ সংক্রান্ত দুটি মামলা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচার চলছে।