২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জান্দাল রিমান্ডে
২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি মইনউদ্দিন ওরফে আবু জান্দালকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত জান্দালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।জান্দাল ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁকে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে বিভিন্ন মামলায় ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ দলটির ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন আরও কয়েক শ নেতা-কর্মী। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি ২০০৯ সালের ১১ জুন এ-সংক্রান্ত মামলা দুটির অভিযোগপত্র দেয়। এতে হুজি নেতা মুফতি হান্নান, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়।গত বছরের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলা দুটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। অধিকতর তদন্তকালে এ পর্যন্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির নেতা ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, হুজির সাবেক আমির মাওলানা আবদুস সালাম ও পাকিস্তানি জঙ্গি সংগঠনের সদস্য আবদুল মজিদ ভাটকে মামলায় গ্রেপ্তার করা হয়।