২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা–সংক্রান্ত হত্যা ও বিস্ফোরক মামলায় প্রথম তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমির হোসেন সাক্ষ্য দিয়েছেন। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ সাক্ষ্য গ্রহণ করেন। কাল মঙ্গলবার আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, আমির হোসেন আদালতকে বলেন, মতিঝিল থানার তৎকালীন কর্মকর্তা হিসেবে তিনি ২০০৪ সালের ২২ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তভার গ্রহণ করেন। এরপর তিনি ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত করেন। গ্রেনেড হামলার পর ঘটনাস্থলে পড়ে থাকা রক্তমাখা জামা-কাপড়, সেন্ডেল, বিস্ফোরিত গ্রেনেডের টুকরা ও আওয়ামী লীগের সমাবেশে মঞ্চে ব্যবহৃত ট্রাক জব্দ করেন। মামলাটির তদন্তভার ডিবিকে দেওয়া হলে ওই বছরের ২৩ আগস্ট তিনি তদন্ত–সংক্রান্ত নথিপত্র ডিবির কাছে হস্তান্তর করেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা এম এ জলিল, আ ফ ম বাহাউদ্দিন ও সাবের হোসেন চৌধুরীর মতিঝিল থানায় করা অভিযোগ তিনি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন।

আজ পর্যন্ত এ মামলায় ২২৩ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে ২২২ জনের জেরা শেষ হয়েছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে মামলার বিচারকাজ চলছে।