২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবি
২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের দাবিতে গতকাল শুক্রবার রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
রাজশাহী: মহানগর আওয়ামী লীগ বিকেলে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সভাপতির বক্তব্য দেন।

খায়রুজ্জামান লিটন বলেন, এই বছরেই হামলাকারীদের বিচার হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আক্তার প্রমুখ। এর আগে তাঁরা নগরের বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।
এদিকে বাঘায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়েব উদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জ: জেলা যুবলীগ ও ছাত্রলীগ বেলা ১১টার দিকে শহরের সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে ছাত্রলীগ, যুবলীগ ও যুব মহিলা লীগের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমানের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ইয়াসমিন সুলতানা। কর্মসূচি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা দেশকে আয়ত্তে আনতে না পেরে ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের গ্রেনেড হামলা চালিয়ে হত্যার অপচেষ্টা চালায়। এখনো তাদের সেই চেষ্টা অব্যাহত রয়েছে। তাই অবিলম্বে সেই সব খুনি ও দোষী ব্যক্তির বিচারের দাবি জানান তাঁরা।
নওগাঁ: শহরের তাজের মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ আবদুল মালেক। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাবেক সাংসদ ওহিদুর রহমান, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক খোদাদাদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি রাহমানিয়া আলম রিজভী, সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ।
সমাবেশে সাংসদ আবদুল মালেক বলেন, আওয়ামী লীগকে দেশ থেকে নিশ্চিহ্ন এবং আরও একটি ১৫ আগস্ট সৃষ্টি করতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২১ আগস্ট বিএনপি-জামায়াত অপশক্তি গ্রেনেড হামলা চালিয়েছিল। এ ঘটনায় জড়িত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ প্রত্যেককে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সমাবেশ শেষে তাজের মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে মোমবাতি জ্বালিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন নেতা-কর্মীরা।