২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি তামিম রিমান্ডে
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি জঙ্গি নেতা হোসাইন আহমেদ তামিমের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আলমগীর এ আদেশ দেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম আজ আসামি হোসাইন আহমেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হোসাইন আহমেদ তামিমকে হাজির করা হয়। তামিম প্রিজনভ্যান থেকে নেমে কাগজপত্র আনার নাম করে কবির হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ নিয়ে আদালতে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে একটি মোবাইল ফোন, মোবাইল ফোনের চার্জার, ব্যাটারি, একটি তার ও রেত উদ্ধার করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।