২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি পিন্টুর মুক্তির দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর মুক্তির দাবি করেছে বিএনপি।গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি করেন। এ সময় তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুরও মুক্তি দাবি করেন। এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, বাবার, সালাম পিন্টু, নাসির উদ্দীন পিন্টুকে রিমান্ডের নামে নির্যাতন চালিয়ে তাঁদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘আবদুস সালাম পিন্টুকে রিমান্ডে নিয়ে যে পর্যন্ত সরকারপক্ষ তাদের ইপ্সিত ব্যক্তিদের নাম না বের করতে পারবে, যতক্ষণ পর্যন্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ (তারেক রহমান) দলের নেতাদের নাম না বলবে, তত দিন পর্যন্ত নির্যাতন চলবে।’বিগত তত্ত্বাবধায়ক সরকার আমল থেকে কারাবন্দী আবদুস সালাম বিএনপির বর্তমান কমিটির সহসভাপতি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব দাবি করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ৪০০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত যে ৬১ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন, তাঁরা কেউ গ্রেনেড হামলার ঘটনায় আবদুস সালামের নাম বলেননি। এর পরও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে।হামলার পরিকল্পনায় পিন্টুর সরকারি বাসায় পরিকল্পনা বৈঠক হয়েছে বলে হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নান ও মাওলানা শেখ আবদুস সালাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন—এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মহাসচিব দাবি করেন, ‘জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।’