বিএনপির সাবেক সাংসদ আখতারুজ্জামান ইঙ্গিত করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমান আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্টের গ্রেনেড হামলার দায়িত্ব এড়াতে পারেন না।গতকাল শনিবার মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আখতারুজ্জামান বলেন, ‘তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুত্ফুজ্জামান বাবর। তবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। তাঁর ছেলে তারেক রহমান ছিলেন বাবরের নিয়ন্ত্রক। তাঁরা কীভাবে এবং কোন যুক্তিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার দায়িত্ব থেকে রেহাই পাবেন?’ তিনি আরও বলেন, কেউ পরিকল্পিতভাবে জাতীয় নেতাসহ নিরীহ জনগণ ও রাজনৈতিক কর্মীদের হত্যার সঙ্গে জড়িত হলে তাঁরা যত ক্ষমতাশালী ও বড় রাজনৈতিক দলের নেতা হোন না কেন, তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সময়ের দাবি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তত্কালীন প্রধান ও তাঁর অধীনস্থ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার দাবি জানান আখতারুজ্জামান। বিজ্ঞপ্তি।