২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক সরাসরি জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ অভিযোগ করেছেন, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সরাসরি জড়িত ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের এক ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এতে হাছান মাহমুদ প্রধান অতিথি ছিলেন। বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান, বিএমএ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ, যু্গ্ম সম্পাদক ফয়সাল ইকবাল, কোষাধ্যক্ষ আরিফুল আমীন, সাংগঠনিক সম্পাদক রবিউল করিম, দপ্তর সম্পাদক আবুল হোসেন বক্তব্য দেন।প্রতিমন্ত্রী বলেন, জাতির ইতিহাস সঠিকভাবে রচনা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বার্থে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনায় যাঁরা নেপথ্যে থেকে কাজ করেছেন তাঁদের মুখোশ উন্মোচিত হওয়া উচিত। সম্প্রতি প্রকাশিত মার্কিন গোপন দলিলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সেদিন বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা ছিলেন তা আজ প্রকাশিত হয়েছে। অনুষ্ঠান শেষে সপ্তম সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, সংবিধানের সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় দেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এ রায়ের মাধ্যমে আরেকবার প্রমাণিত হলো, বন্দুকের নল নয়, জনগণই ক্ষমতার উত্স।