২১ আগস্ট গ্রেনেড হামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ
২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তখনকার বিরোধী দলের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ হয়েছে। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষী উপস্থাপন করবেন না বলে আদালতকে জানান। আদালত তাই সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করেন।
একই সঙ্গে আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১২, ১৩ ও ১৪ জুন তিন দিন আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এই তারিখ ধার্য করেন।
২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শ নেতা-কর্মী। এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউক, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আবদুল হান্নান, সাবেক সাংসদ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক, খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আবদুর রশীদ, সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।