স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আর কোনো জজ মিয়া নাটক নয়, এবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে একুশে আগস্টের গ্রেনেড হামলার নেপথ্য নায়কদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।গতকাল শুক্রবার একটি চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হবে। মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন ঢাকা আরবান কম্প্রিহেনসিভ আই কেয়ার প্রকল্পের সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস-২০১০ উপলক্ষে বনানী টিঅ্যান্ডটি কলোনির আনসার ক্যাম্পে ওই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন বলেন, আর কোনো জজ মিয়া নাটক নয়, একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার পূর্ণ তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র পেশ করা হবে। একটি বিশেষ মহল একাত্তরের ঘাতকদের আশ্রয় দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে—এমন অভিযোগ করেন মন্ত্রী। মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা আরবান কম্প্রিহেনসিভ আই কেয়ার প্রজেক্টের কো-অর্ডিনেটর এম নুরুন নবী, সাবেক ওয়ার্ড কমিশনার মফিজুর রহমান, সংগঠনের ভাইস চেয়ারম্যান ওমর আলী, ইসলামিয়া চক্ষু হাসপাতালের চেয়ারপারসন জাহিদা ইস্পাহানি, ওয়াহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।