২১ আগস্ট বোমা হামলা মামলা তদন্তের সময় আবারও বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অধিকতর তদন্তের সময়সীমা ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম এ তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম ও আকরাম উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ২২ এপ্রিল এই মামলায় অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ সময়ের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হওয়ায় তদন্ত কর্মকর্তা আরও ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করেছেন।জঙ্গিনেতা মুফতি হান্নান ৭ এপ্রিল আদালতে আবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দির ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক আবদুর রহিম ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক রেজ্জাকুল হায়দারকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ওই হামলায় মদদদাতাদের অনেকেই পলাতক। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তাই সময় প্রয়োজন।