২১ আগস্ট মামলা প্রশ্নবিদ্ধ না করার আহ্বান দেলোয়ারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা প্রশ্নবিদ্ধ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।গতকাল সোমবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির আদেশ (প্যারোল) বাতিল ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে জড়িয়ে সরকারের অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।খোন্দকার দেলোয়ার বলেন, বিডিআর হত্যাকাণ্ডের মতো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাকে প্রশ্নবিদ্ধ করা হলে তদন্ত কার্যক্রমের ওপর মানুষের আস্থা থাকবে না। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার স্বচ্ছ বিচার এবং অবিলম্বে কোকোর প্যারোল বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানান।স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী প্রমুখ বক্তব্য দেন।স্বেচ্ছাসেবক দলের কমিটি: বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গতকাল ঘোষণা করা হয়েছে। গত বছরের অক্টোবরে আংশিক কমিটি গঠন করা হয়। ৩৩৩ সদস্যবিশিষ্ট এ কমিটিতে হাবিব-উন-নবী খান সভাপতি, মীর শরাফত আলী সাধারণ সম্পাদক ও শফিউল বারী সাংগঠনিক সম্পাদক।