২১ আগস্ট মামলায় সাক্ষ্য দিলেন পিন্টুর নিরাপত্তারক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত দুটি মামলায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বাসার তত্কালীন নিরাপত্তারক্ষী সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ আজ রোববার তিনি সাক্ষ্য দেন।

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবল হাবিবুর রহমান সাক্ষ্যতে বলেন, ‘২০০১ সালের ১৩ অক্টোবর থেকে ২০০২ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত আবদুস সালাম পিন্টুর বাড়ির নিরাপত্তার দায়িত্ব পালন করেছি। ধানমন্ডিতে মাখন ভিলা নামের একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন পিন্টু। বাড়িটির চতুর্থ তলায় থাকতেন পিন্টুর ভাই সেলিম। শুনেছি এটি সেলিম সাহেবের শ্বশুরবাড়ি।’

সাক্ষ্যতে হাবিবুর আরও বলেন, পিন্টুর ভাই তাজউদ্দীন মাঝে মাঝে এই বাড়িতে আসতেন। পিন্টু উপমন্ত্রী থাকা অবস্থায় তাজউদ্দিনের গায়েহলুদ ও বিয়ে ওই বাড়িতেই অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠান শেষে পিন্টু তাঁর সরকারি বাসায় চলে যান।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তাজউদ্দিন বর্তমানে পলাতক।