২১ আগস্ট মামলার বিচার না হওয়ায় আইপিইউর উদ্বেগ
এক যুগ পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইপিইউর ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ান’। কমিটির এ-সংক্রান্ত একটি প্রতিবেদন আইপিইউর মূল ফোরাম গভর্নিং কাউন্সিল গ্রহণ করেছে।
ঢাকায় সম্মেলন চলাকালে ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ান’ বাংলাদেশের একুশে আগস্ট গ্রেনেড হামলা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যাসহ বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করে।
কমিটির গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, কমিটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে ঘটনার পর ১২ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল পরিকল্পনাকারী আদালতের দ্বারা দোষী সাব্যস্ত হয়নি।
অবশ্য একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলাসংক্রান্ত মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তি হবে বলে কমিটি আশা করছে। একই সঙ্গে কমিটি শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তির ব্যাপারেও আশা প্রকাশ করেছে।
কমিটির সভাপতি আফগানিস্তানের আইনপ্রণেতা ফৌজিয়া কুফি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কমিটিকে বাংলাদেশের পক্ষ থেকে এ দুটি বিষয়ে জানানো হয়েছে। আমরা জেনেছি, এ দুটি বিষয়ই বিচারাধীন। কমিটি আশা করছে, মামলা দুটির “ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল” হবে।’
প্রসঙ্গ, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জনসভা চলাকালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় অল্পের জন্য শেখ হাসিনা বাঁচলেও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এ ছাড়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। বর্তমানে বাংলাদেশের নিম্ন আদালতে দুটি ঘটনার বিষয়ে মামলার শুনানি চলছে।
ফৌজিয়া বলেন, কমিটি বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রীর পরিবার ও অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে সময়ে সময়ে যথাযথভাবে অবহিত করতে বলেছে।
এমপিদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করা এই কমিটির গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, বিলম্বিত বিচার বিচারহীনতার শামিল। কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এই ঘৃণ্য অপরাধের জাতীয়-আন্তর্জাতিক মানের বিচার দ্রুত হওয়া উচিত। বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ এ বিষয়টি পর্যবেক্ষণে রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পরবর্তীকালেও আইপিইউর এই কমিটি মামলাটির অগ্রগতি নিয়ে আলোচনা করবে।
২০১৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত কমিটির ১৯৭তম সেশনে একুশে আগস্ট ও কিবরিয়া হত্যার মামলার বিষয়ে আলোচনার জন্য রেজুলেশন গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষ থেকে আইপিইউকে মামলার বিষয়ে তথ্য সরবরাহ করা হয়।
কমিটির এবারের সেশনের গৃহীত রেজ্যুলেশনে বলা হয়, এ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ১৮ জন বিদেশে পালিয়ে আছেন। এঁদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।
আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং জানান, বিভিন্ন দেশ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে অভিযোগের ভিত্তিতে কমিটি বিষয় ‘কেস’ নিয়ে আলোচনা করে। কোনো দেশে কোনো আইনপ্রণেতার মানবাধিকার লঙ্ঘন হলে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে ওই এমপির মানবাধিকার রক্ষার বিষয়ে তাঁরা কথা বলেন। তিনি জানান, কোনো এমপি যদি অপরাধে জড়িত হয়ে আইনের মুখোমুখি হন, তবে আইপিইউ সেটাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য করে না।
কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এবং বাংলাদেশের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী জানান, প্রতিবছর তিনবার কমিটির বৈঠক হয়। যথাযথ প্রমাণসহ কোনো ব্যক্তি কমিটির কাছে অভিযোগ করলে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এদিকে কমিটি ফিলিপাইন, তুরস্ক, ভেনেজুয়েলায় আইনপ্রণেতাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করতে বলেছে।
এ ছাড়া মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের মুক্তি দাবি করেছে এমপিদের মানবাধিকার সুরক্ষার নিয়ে কাজ করা এই কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে এমপিদের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে ৪২টি দেশের ৪৫৯টি ঘটনা কমিটির কাছে উপস্থাপিত হয়েছে। এর মধ্যে বিরোধী দলের ৩৬৯টি, সরকারি দলের ১১২টি ও স্বতন্ত্র সংসদদের ১১টি। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার মধ্যে রয়েছে আমেরিকা অঞ্চলের ১৫৫টি, ইউরোপের ৬৩টি, আফ্রিকার ৮৯টি, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৩৯টি, এশিয়ার ১১০টি ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩টি। ঢাকায় সম্মেলন চলাকালীন এসব ঘটনার মধ্যে ১৪৭টি নিয়ে আলোচনা করেছে। পরে ৭৬টি ঘটনার বিষয়ে তারা রেজ্যুলেশন গ্রহণ করে।