২১ আগস্ট মামলায় বিএনপির নেতাদের জড়ানোর চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের নামে বিএনপির নেতাদের নতুন করে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। সরকার এর মাধ্যমে জিয়া পরিবারকে ধ্বংসেরও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। হাইকোর্টের আদেশ অমান্য করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। উচ্চ আদালত মির্জা আব্বাসকে সবগুলো মামলায় জামিন দিলেও গতকাল নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে, তা থেকে শুধু ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অব্যাহতি দেওয়া হচ্ছে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুুদু, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার মালিবাগ হত্যাকাণ্ডের ঘটনা থেকে আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবাল ও বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরীকে বাদ দেওয়ার সমালোচনা করেন। তিনি মির্জা আব্বাসের মুক্তি দাবি করেন।