
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শামসুন নাহার হলের অতিথিকক্ষে এই প্রদর্শনীর আয়োজন করে প্রগতিশীল ছাত্রীদের সংগঠন ‘গেরিলা’। এর উদ্বোধন করেন সহকারী প্রক্টর মোহাম্মদ নিয়াজ মোরশেদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী।
গেরিলার সভাপতি লিজা আক্তার বলেন, গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করার পাশাপাশি সেদিনের বর্বরতার চিত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জানানোর উদ্দেশ্যে এই প্রদর্শনীর আয়োজন করেছেন তাঁরা।
এদিকে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করেন ছাত্রলীগের নারী নেতা-কর্মীরা। ছাত্রলীগের নেত্রী সানজিদা জিনিয়া বলেন, গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করেছেন তাঁরা।