আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, হাওয়া ভবন থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করা হবে। মামলার কার্যক্রম অনেক এগিয়েছে। আশা করা যাচ্ছে, এ সরকারের আমলেই বিচারকাজ শেষ হবে।২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা জানানো শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।দলের পক্ষে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ, আইভি রহমানের বড় ছেলে ও বিসিবির সভাপতি সাংসদ নাজমুল হাসান প্রমুখ। এ ছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও আওয়ামী সাংস্কৃতিক জোটের নেতারা বনানী কবরস্থানে ফুল ও দোয়ার মাধ্যমে আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানান।