সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের স্বার্থে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা হাইকোর্টে স্থানান্তরের দাবি জানিয়েছে বিএনপি।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও লিগ্যাল এইড কমিটির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।খন্দকার মাহবুব বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। বিচারিক আদালতে এই মামলার সুষ্ঠু বিচার হবে না। তাই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্থানান্তরের দাবি জানাচ্ছি।’এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘যেকোনো গুরুত্বপূর্ণ ও জটিল মামলা হাইকোর্টে স্থানান্তরের সুযোগ আছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা তেমনই একটি গুরুত্বপূর্ণ মামলা।’অধিকতর তদন্ত শেষে তারেক রহমানসহ নতুন ৩০ জনকে আসামি করে গত মাসে এ মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বর্তমানে মামলাটি ঢাকার জজ আদালতে বিচারাধীন।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির, সানাউল্লাহ মিয়া, শিরিন সুলতানা, আসাদুল করিম, রফিক সিকদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।