২১ আগস্টকে 'হত্যা দিবস' পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কখনো মনে হয় এই তো সেদিন—আব্বা, আম্মা একসঙ্গে বের হলেন। আব্বা ফিরে আসলেন। আম্মা আসলেন না। আবার কখনো মনে হয়, কত যুগ ধরে আম্মার কণ্ঠ শুনি না। শান্তিপূর্ণ সমাবেশে গিয়ে কেন এমন হলো? আমাদের ভাই-বোনদের কেন ভয়ংকর স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে। ২১ আগস্টকে নিহত বা মৃত্যু দিবস না বলে “হত্যা” দিবস বলা উচিত।’

আজ শনিবার সন্ধ্যায় স্মরণ সভায় তানিয়া বাখ্ত এভাবেই তাঁর মা বেগম আইভি রহমানকে স্মরণ করলেন। একই সঙ্গে ২১ আগস্টকে হত্যা দিবস হিসেবে পালনের জন্যও আহ্বান জানান।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার চার দিন পর ২৪ আগস্ট তিনি ইন্তেকাল করেন। তানিয়া বাখ্ত আইভি রহমানের বড় মেয়ে। বর্তমানে তিনি বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। আইভি রহমান ছিলেন এ সমিতির প্রাক্তন সভানেত্রী।

আইভি রহমানের ১২ তম প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে সমিতির পক্ষ থেকে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত হওয়া ২৪ জনের আত্মার মাগফিরাত কামনা করেন আলোচকেরা।

তানিয়া বাখ্ত বলেন, ‘আমার মায়ের অপূরণ হওয়া স্বপ্নের একটি ছিল সমিতির একটি আধুনিক ভবন তৈরি। প্রাপ্তি হলো সমিতিতে একটি আধুনিক ভবন তৈরি হয়েছে। মায়ের নামে তৈরি মিলনায়তনে মায়ের স্মরণসভা হচ্ছে। তবে দুঃখ হলো মা আধুনিক ভবনটি দেখে যেতে পারেননি।’

স্মরণসভার প্রধান অতিথি জাতীয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরীও মহিলা সমিতির সদস্য ছিলেন। সেই সূত্রে এবং রাজনৈতিক সূত্রে আইভি রহমানের সঙ্গে সখ্য ছিল দীর্ঘদিনের। মিলনায়তনে ঢুকেই তিনি তানিয়া বাখ্তকে বুকে জড়িয়ে ধরেন। বক্তব্যে তিনি বলেন, ‘আইভির অবদানের কথা বলে শেষ করা যাবে না। স্বাভাবিক ভাবে তো সে যায়নি। তাঁকে তো হত্যা করা হলো। সবাই বলছে সে এখন নেই, তবে সে সবার মধ্যে আছে।’

সভার বিশেষ অতিথি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, আইভি রহমানকে শুধু স্মরণ করলেই হবে না, তাঁর মধ্যে যে শক্তি ও চেতনা ছিল তা সবার মধ্যে সঞ্চারিত করতে হবে। ‘শোক আর শক্তি’র ‘শ’ বা দুইটি অক্ষরকে নিজেদের মধ্যে গ্রহণ করতে হবে। আর এ দেশে আইভি রহমানের মতো অপমৃত্যু আর কারও হবে না তা নিশ্চিত করতে পারলেই তাঁর আত্মা শান্তি পাবে।

আওয়ামী লীগ সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রেনেড হামলার পর কেটে গেছে এক যুগ। কিন্তু এখন পর্যন্ত বিচার পাওয়া যায়নি, যা খুবই দুঃখজনক। তিনিও শোককে শক্তিকে পরিণত করে সোনার বাংলা গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সাংসদ সাহারা খাতুন মহিলা সমিতিতে দীর্ঘ ১৬ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আইভি রহমানের নেতৃত্বে অন্যান্য নারী সংগঠনের সহযোগিতার কারণেই বর্তমানে জাতীয় সংসদে নারী সাংসদের সংখ্যা হয়েছে ৫০ জন। আইভি রহমান এ সংখ্যা ১০০ করার দাবি তুলেছিলেন।