২১ আগস্টে নিহতদের প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ভয়াবহ গ্রেনেড হামলায় দলটির ২৪ জন নেতা-কর্মী নিহত হন। এর পর থেকে প্রতিবছর আওয়ামী লীগ, এর সহযোগী ও অন্যান্য সামাজিক সংগঠন বঙ্গবন্ধু এভিনিউয়ে নির্মিত বেদিতে ফুল দিয়ে এবং অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকে।এ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গতকাল বুধবার গুলশানের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সাংসদ তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য ২১ আগস্টের গ্রেনেড হামলা করা হয়েছিল। সভায় সংগঠনের নেতা সৈয়দ হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক, খায়রুল আলম সবুজ, শংকর শাওজাল, ফরিদ আলী প্রমুখ বক্তব্য দেন।বঙ্গবন্ধু এভিনিউয়ের বেদিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।