বিরোধী দলের একজন নেতাকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, একুশে আগস্ট গ্রেনেড হামলার দিন আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে সেভাবে নিরাপত্তা দেওয়া হয়নি বলে সাক্ষ্য দিলেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি জানান, সেদিন সমাবেশ লক্ষ্য করে ১২টি গ্রেনেড ছোড়া হয়েছিল।
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। আদালত তাঁর আংশিক সাক্ষ্য গ্রহণ করে ১৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য করেন।
সাবেক এই মন্ত্রী বলেন, ঘটনাস্থল থেকে সেদিন তিনটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। কিন্তু তা কোনোরকম পরীক্ষা ছাড়াই ধ্বংস করে ফেলা হয়। শেখ হাসিনার দেহরক্ষী মেজর শোয়েব ঘটনায় ব্যবহৃত গ্রেনেড সম্পর্কে তাঁকে জানান। তিনি বলেছিলেন, এ ধরনের গ্রেনেড সাধারণত সেনাবাহিনী ব্যবহার করে। আর চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র ও গ্রেনেডের সঙ্গে একুশে আগস্টে আওয়ামী লীগের সমাবেশে ছোড়া গ্রেনেডের মিল রয়েছে।
২০০৪ সালের একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ জনসভা করছিল। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বক্তব্য শেষ করে নিচে নামার সময় হঠাৎ একটি গ্রেনেড বিস্ফোরিত হয়। এরপর অনেক গ্রেনেড বিস্ফোরিত হতে থাকে। মঞ্চে থাকা আওয়ামী লীগের নেতারা মানবঢাল তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেন। এ ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শত শত নেতা-কর্মী আহত হয়েছিলেন। নিহত হন আওয়ামী লীগের নেত্রী আইভীসহ অনেকে।