২১ আগস্টে হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বঙ্গভবনে মিলাদ
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে গতকাল শনিবার বাদ জোহর বঙ্গভবন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা এতে অংশ নেন।ওই হামলায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের তত্কালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান নিহত হন।মিলাদ মাহফিলে গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।বঙ্গভবনে কর্মরত বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও কর্মচারীরা মিলাদ মাহফিলে যোগদান করেন। বাসস।ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ: ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।গতকাল বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।মোনাজাতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। হামলায় আহত ব্যক্তিদের সুস্থতা ও দ্রুত আরোগ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে মহান আল্লাহর সাহায্য চাওয়া হয়। বিজ্ঞপ্তি।