২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সংসদে নাসিমা ফেরদৌসীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, এই মামলার সর্বশেষ ২২৫ নম্বর সাক্ষী ও তদন্তকারী কর্মকর্তার জেরা তিন মাস ধরে চলমান আছে। বর্তমানে মামলার মোট আসামির সংখ্যা ৫১ জন। আর মাত্র নয়জন আসামির পক্ষে এই সাক্ষীকে জেরা করা হলেই মামলাটির সাক্ষ্য জেরা গ্রহণ শেষ হবে। সোমবার ও মঙ্গলবার মামলার তারিখ ধার্য আছে।
সাংসদ হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশের আদালতে ৪০ লাখ ৬৪ হাজার ৫৩৭টি মামলার নিষ্পত্তি হয়েছে।
সাংসদ সালমা ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশের উজানে গঙ্গা নদীতে ফারাক্কা ব্যারাজ এবং তিস্তা নদীতে গজলডোবা ব্যারাজ নির্মাণের কারণে গঙ্গা ও তিস্তাতে পানির প্রবাহ কমে গেছে। এ কারণে দুটি নদী ও শাখা নদী পলি জমে ভরাট হয়ে গেছে। তবে সরকার দুটি নদীতে খননের উদ্যোগ গ্রহণ করেছে।
প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সাড়ে চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।