একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল রোববার সংসদে নাসিমা ফেরদৌসীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, এই মামলার সর্বশেষ ২২৫ নম্বর সাক্ষী ও তদন্তকারী কর্মকর্তার জেরা চলছে। আর মাত্র নয়জন আসামির পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করা হলে সাক্ষ্য জেরা শেষ হবে। বর্তমানে মামলার মোট আসামির সংখ্যা ৫১ জন। আজ সোমবার ও কাল মঙ্গলবার মামলার তারিখ ধার্য আছে।
হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশের আদালতে ৪০ লাখ ৬৪ হাজার ৫৩৭টি মামলার নিষ্পত্তি হয়েছে।
সালমা ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশের উজানে গঙ্গা নদীতে ফারাক্কা ব্যারেজ এবং তিস্তা নদীতে গজলডোবা ব্যারেজ নির্মাণের কারণে গঙ্গা ও তিস্তাতে পানিপ্রবাহ কমে গেছে। এর ফলে দুটি নদী ও শাখা নদী পলি জমে ভরাট হয়ে গেছে। তবে সরকার নদী দুটি খননের উদ্যোগ নিয়েছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।