২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়ে এ সভা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে দিতে ঘাতকেরা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে। সেদিন মানববর্ম তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতে ঘাতক চক্র সফল হতে পারবে না। নেতা-কর্মীরা ১২ বছরেও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা দ্রুত এ হামলার বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।
উপজেলা যুবলীগের সদস্য হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন প্রমুখ।