২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি দাবি
২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ভয়াবহ ওই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শ নেতা-কর্মী। ভয়াবহ ওই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আওয়ামী লীগ।
বরিশাল জেলা আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় ওই দাবি জানায়।
আলোচকেরা দ্রুততম সময়ের মধ্যে গ্রেনেড হামলা মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ আনিচ, মো. আবদুর রশীদ, আনিসউদ্দিন আহম্মেদ, গিয়াসউদ্দিন কাবুল, মজিবর রহমান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নজরুল হক প্রমুখ।