জামায়াতে ইসলামী দাবি করেছে, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সঙ্গে জামায়াতের কারও দূরতম কোনো সম্পর্কও নেই। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কেউ কোনো বক্তব্য দিলেই তা সত্য হয়ে যায় না। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় প্রদত্ত কারও বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কোনো মন্তব্য করা কোনো সংসদ সদস্যের পক্ষে শোভা পায় না বলেও দলটি বলেছে।গত মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম অভিযোগ করেছিলেন, হাওয়া ভবনে ২১ আগস্টের হামলার পরিকল্পনার বৈঠকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ উপস্থিত ছিলেন। হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের একটি জবানবন্দির কথা উল্লেখ করে শেখ সেলিম এ অভিযোগ করেন।এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বুধবার জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম একটি বিবৃতিতে এ অভিযোগ অস্বীকার করেন। জামায়াতের নেতা বলেন, হাওয়া ভবনের কথিত বৈঠকে জামায়াতে আমির ও সেক্রেটারি জেনারেল উপস্থিত থাকা তো দূরের কথা, সেখানে কোনো বৈঠক হওয়ার কথাও তাঁরা জানেন না। মন্ত্রী থাকাকালে তাঁরা ওই ভবনে কখনো যাননি, তাঁরা জঙ্গি নেতা মুফতি হান্নানকে চিনেনও না। তাঁর নাম তাঁরা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছেন। বিবৃতিতে জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে শেখ সেলিমের বক্তব্য বাদ দেওয়ারও দাবি জানানো হয়।