
২১ আগস্টের গ্রেনেড হামলা বিশ্ব বিবেককে নাড়া দিলেও বিএনপি নেত্রী ও তাঁর জোটের বিবেককে নাড়া দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যখন দেশি-বিদেশি চাপ এল, তখন কোন গ্রামের জজ মিয়াকে নিয়ে আসে। সে জড়িত বলে মামলা করে নাটক করল তারা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘উল্টো তারা দোষারোপ শুরু করল, আওয়ামী লীগ নিজে নিজেই করেছে। আওয়ামী লীগ কেন যাবে? আমরা কি সুইসাইড করতে এসেছিলাম ওখানে? আমরা সন্ত্রাসবিরোধী র্যা লি করতে গিয়ে নিজেরাই সন্ত্রাসী হামলার শিকার হলাম।’
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা স্মরণে গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। ওই হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২২ জন নিহত হন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পৌঁছেই প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের স্মরণে স্থাপিত অস্থায়ী শহীদবেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এবং দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। বক্তৃতা শেষে তিনি আহত ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুব উল আলম হানিফসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি কখনো মৃত্যুকে ভয় করি না। কারও কাছে মাথা নত করি না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর কাছে সেজদা দিই, আল্লাহর কাছেই মাথা নত করি। আমি জাতির পিতার কন্যা, সেটা সব সময় মনে রাখি। আর জন্মালে তো মরতে হবেই, এটা তো আমরা সবাই জানি। কাজেই যত বাধা-বিপত্তি আসুক। মরার আগে আমি মরতে রাজি না।’
তাঁর প্রাণনাশে একাধিক হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার মাটিতে যেদিন থেকে পা রেখেছি, সেদিন থেকেই মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে আমাকে। তবে আমি কখনো ভীত ছিলাম না। ন্যায় ও সত্যের জন্য সংগ্রাম করেছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলাই আমার লক্ষ্য।’
২১ আগস্টের ঘটনা স্মরণ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘প্রথম তিনটা গ্রেনেড মারার পর, কয়েক সেকেন্ড সময়। এরপর আবার গ্রেনেড। প্রকাশ্য দিবালোকে কোনো জনসভায় এভাবে গ্রেনেড মেরে মানুষ হত্যা করা...! আমি তখন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। ওই ট্রাকে আমাদের সব নেতা-কর্মী। ওই র্যা লিতে হাজার হাজার নেতা-কর্মী সমবেত। একটার পর একটা গ্রেনেড মারা শুরু হয়েছে। জানি না আমার কী ভাগ্য! গ্রেনেড ট্রাকের ভেতরেই পড়ার কথা। কিন্তু সেখানে না পড়ে, ট্রাকের ডালায় লেগে তা পাশে পড়ে যায়। আমাদের সাবেক মেয়র হানিফসহ ওখানে যারা নেতা-কর্মী ছিল, তারা আমাকে ঘিরে ধরে। আমি টের পাচ্ছি সব স্প্লিন্টার হানিফ ভাইয়ের মাথায় এসে লাগছে। আমার গায়ে এসে তাঁর গরম রক্ত বেয়ে পড়ছে। একটার পর একটা গ্রেনেড মেরেছে। ১৩টি গ্রেনেড তারা ছুড়েছিল। তার মধ্যে ১১-১২টি ফুটেছিল। ওই অবস্থা যখন চলে, মনে হচ্ছিল কেয়ামত এসে গেছে।’
প্রধানমন্ত্রী বলেন, গ্রেনেড হামলার পর আহত মানুষ কাতরাচ্ছে। কিন্তু উদ্ধারের ব্যবস্থা না করে তখন বিএনপির সরকারের নির্দেশে পুলিশ বাহিনী কাঁদানে গ্যাস মারতে শুরু করে, লাঠিপেটা শুরু করে। সেখানে কোনো একটা গাড়ি, রিকশা ভ্যান কাউকে আসতে দেয়নি। হামলাকারীরা যেন নিরাপদে এই জায়গা থেকে চলে যেতে পারে, সেই সুযোগ সৃষ্টি করার জন্য এটা করা হয়েছিল।

শেখ হাসিনা বলেন, ‘এই ঘটনা নিয়ে যখন আমরা পার্লামেন্টে আলোচনা করতে চাইলাম। বিএনপি নেত্রীসহ তারা কী বলল? আমাকে আবার কে মারবে, এটা আমরা নিজেরাই মেরেছি। আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে, সেই গ্রেনেড মেরেছি। তারা হাস্যকর কথার সৃষ্টি করল।’
তারেক রহমানের জড়িত থাকার প্রতি ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ধানমন্ডি-৫ নম্বরে তারেক রহমানের শ্বশুরবাড়ি। ৮-১০ মাস একটানা ওই শ্বশুরবাড়িতে ছিল। কেন ছিল? এই ষড়যন্ত্রগুলি ওখানে বসে করতে সুবিধা, তাই? ঠিক ১ আগস্ট ক্যান্টনমেন্টের বাসায় চলে যায় তারেক। ওই সময় বিএনপির সব এমপি, নেতা এবং খালেদা জিয়ার নিজের যে বক্তব্য ছিল, প্রতিটি বক্তব্যের আভাসই ছিল আমাকে তারা এই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেবে।’
সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সব দিক থেকে বাংলাদেশ যখন সুস্থভাবে চলছে, তখনো দেখা যাচ্ছে, দেশের ভেতরে কিছু আর কিছু বিদেশি শক্তি চক্রান্ত করছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্প্রতি প্রকাশ্য গুলি করে মসজিদের ইমামসহ দুজনকে হত্যার ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোনো দেশেই আর কেউ নিরাপদ নয়। সন্ত্রাস আর জঙ্গিবাদ বাংলাদেশের একার নয়, সারা বিশ্বে এ ঘটনা ঘটে চলেছে।
প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বেরিয়ে আসার পরপর অস্থায়ী শহীদবেদি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় মোহাম্মদ নাসিম, রাশেদ খান মেনন ও শিরীন আখতারের নেতৃত্বে ১৪ দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।